ঢাকা,  রোববার   ২৫ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

শীতে উপভোগ করুন দুধ চিতই

সাদিকা আক্তার 
প্রকাশিত: ১৬:১৫, ৮ জানুয়ারি ২০২০
শীতে উপভোগ করুন দুধ চিতই
ছবি: সংগৃহীত

শীত মানেই পিঠাপুলির উৎসব। শীতকালে পিঠা খেতে ভালোবাসেন না এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল। আর এসময় চিতই পিঠা খাওয়ার মজাই আলাদা। আবার সকালের নাস্তায় দুধ চিতই খাওয়ার লোভ সামলানোও যেন দায়!

এই পিঠা বানিয়ে পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করার আনন্দই অন্যরকম। চলুন তবে জেনে নেয়া যাক দুধ চিতই তৈরির রেসিপিটি- 

চিতই পিঠা তৈরি উপকরণ: আতপ চাল ৩ কাপ ও লবণ পরিমাণ মতো। 

প্রণালী: চাল ২ থেকে ৩ ঘণ্টা ভিজিয়ে রেখে তারপর মিহি করে গুঁড়া করে সামান্য লবণ দিয়ে ১ ঘণ্টা রেখে দিন। এরপর মিশ্রণে পরিমাণ মতো কুসুম গরম পানি দিয়ে গোলা তৈরি করুন। খেয়াল রাখতে হবে গোলা যেন খুব ঘন কিংবা পাতলা না হয়। লোহার কড়াই কিংবা চিতই পিঠার জন্য মাটির তৈরি তাওয়া বা খোলা গরম করে তাতে সামান্য সরিষা কিংবা সয়াবিন তেল মাখান। এরপর বড় চামচের এক চামচ গোলা পিঠার খোলায় দিয়ে ঢেকে দিন। এরপর ঢাকনায় সামান্য পানি ছিটিয়ে দিন, ৪ থেকে ৫ মিনিট পর পিঠা তুলে ফেলুন। 

সিরা তৈরির উপকরণ: খেজুরের গুড় ৫ কাপ, দুধ ২ লিটার, দারুচিনি ৩ থেকে ৪ টি, এলাচ ২টি, পানি ৩ কাপ, কিসমিস ইচ্ছা মতো। 

প্রণালী: খেজুরের গুড় পানি দিয়ে মিশিয়ে চুলায় দিন। মিশ্রণটি ফুটে উঠলে এলাচ, দারুচিনি, কিসমিস দিয়ে নামিয়ে ফেলুন। ঠাণ্ডা হলে দুধ মিশিয়ে সিরা তৈরি করুন (গরম অবস্থায় গুড়ের মিশ্রণ মেশালে দুধ ফেটে যেতে পারে)। এরপর সিরা আবার চুলায় দিন। ২ লিটার দুধ ঘন হয়ে ১ লিটার হলে গরম অবস্থায় পিঠা সিরায় ভেজান। ৫ থেকে ৬ ঘণ্টা পর পরিবেশন করুন মজাদার দুধ চিতই।

ডেইলি-বাংলাদেশ/জেএমএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!